ডাবল ইঞ্জিন সরকারের নতুন ভাবনায় রাজ্যের উন্নয়ন গতি পাবে: দাবী সৌমেন কোলের

0
file_000000007f20820b95ff290589ba7db9

কলকাতা: রাজেন বিশ্বাস রিপোর্ট – তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, ধনিয়াখালী (হুগলি)-র উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সম্পাদক সৌমেন কোলে দাবি করেন, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে সংস্থাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করে চলেছে। তাঁর অভিযোগ, পূর্ববর্তী রাজ্য সরকারের অদূরদর্শী নীতির কারণে সংস্থা প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পায়নি, ফলে বহু উন্নয়নমূলক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও সংস্থার কর্মীরা নিজেদের প্রচেষ্টায় কাজ চালিয়ে গিয়েছেন।সৌমেন কোলে বলেন, বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে ‘ডাবল ইঞ্জিন সরকার’ নতুন ভাবনায় উন্নয়নমূলক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর আশা, বর্তমান সরকার সংস্থার কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা করবে। তিনি আরও জানান, রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু সংস্থার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অনিবার্য কারণে তিনি এদিন উপস্থিত থাকতে না পারলেও, ভবিষ্যতের একটি সভায় যোগ দিয়ে রাজ্যের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বলে দাবি করেন সৌমেন কোলে।সংস্থার সঙ্গে বহু প্রান্তিক মানুষ যুক্ত রয়েছেন। সৌমেন কোলে বলেন, বর্তমান সরকার তাঁদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলে তাঁরা আশাবাদী। গত চার দশক ধরে সংস্থাটি মিশ্র কৃষিকাজ, প্রাকৃতিক কৃষি, জৈব চাষ, মৎস্যচাষ, লাক্ষা চাষ, ভার্মি কম্পোস্ট, পশুপালন, মৌমাছি পালন এবং কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ও ‘স্বচ্ছ ভারত অভিযান’-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কাজ করে আসছে। আগামী দিনেও রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *